ফেনী প্রতিনিধি: ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরকন্ঠ পাঠক ফোরাম ফেনী শহর শাখার উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার(৪ এপ্রিল) ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরকন্ঠ পাঠক ফোরাম ফেনী শহর শাখার চেয়ারম্যান হাফেজ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. তানভির হায়দার। শহর শাখার উপদেষ্টা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ আইনজীবী জামাল উদ্দিন (এপিপি) এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম আবদুর রহীম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কিশোরকন্ঠ শহর শাখার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, বই এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এবারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে শর্শদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থী মেহজাবিন ইসলাম ঝুমু।
প্রধান অতিথির বক্তব্যে ড. তানভির হায়দার বলেন, “আমাদের দেশ পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটি দেশ এবং এদেশের মানুষও অত্যন্ত চমৎকার। প্রাকৃতিকভাবেই আমরা বৈচিত্র্যময় ও সুন্দর বৈশিষ্ট্যের অধিকারী। তবে আমাদের মূল অভাব হলো সৎ ও চরিত্রবান মানুষের।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি অবশ্যই কর্মমুখী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।