নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশীপ তালিকাভুক্তির তিন ধাপের কঠোর পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ফেনীর ধলিয়া ইউনিয়নের বাইশঘরিয়া গ্রামের কৃতি সন্তান মাজহারুল ইসলাম (নিশাত)। তার এই সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি, লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি। একজন দক্ষ ও ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে তিনি সকলের দোয়া প্রার্থী।
মাজহারুল ইসলামের এই সাফল্যে ধলিয়া ইউনিয়নের বাইশঘরিয়া এলাকার সাধারণ মানুষ ও তার শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত গর্বিত। স্থানীয় বাসিন্দারা জানান, মেধাবী এই তরুণের হাত ধরে এলাকায় আইনি সেবার দ্বার উন্মোচিত হবে এবং তিনি অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।
নিজের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মাজহারুল ইসলাম (নিশাত) বলেন, “আইন পেশা একটি মহান ও সম্মানজনক পেশা। দীর্ঘ পরিশ্রমের পর আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি যেন পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সাথে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ে কাজ করে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাই।”
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করছেন বন্ধু-বান্ধব ও সুধীজনরা।