শহর প্রতিনিধি: ফেনী শহরের মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার টাকার জাল নোটসহ আনোয়ার হোসেন ভূঁইয়া ওরফে মিস্টার (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) ফেনীর মহিপাল শাহীন একাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়।আটক আনোয়ার হোসেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মহিপাল শাহীন একাডেমির সামনে স্থানীয় লোকজন জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করে রেখেছে মর্মে সংবাদ পায় পুলিশ। সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার এসআই আবুল হাসনাত চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ রাত ২টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে হেফাজতে নেন। এ সময় তল্লাশিকালে আসামির কাছ থেকে ১০০০ টাকা মূল্যমানের মোট ১৪টি জাল নোট উদ্ধার করা হয় (সর্বমোট ১৪,০০০ টাকা)। নোটগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু ক্রমিক নম্বরের মিল পাওয়া গেছে। উদ্ধারকৃত নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত ১০০০ টাকার নোটের সদৃশ জলছাপ ও চিহ্ন থাকলেও সেগুলো পরীক্ষা করে জাল হিসেবে শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, আসন্ন ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের ভিড়কে কাজে লাগিয়ে তিনি কৌশলে জাল টাকা দিয়ে খুচরা করার চেষ্টা করছিলেন। এছাড়া স্বল্পমূল্যের পণ্য কিনে জাল টাকা চালানোর মাধ্যমে অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে এই কারবার করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি তদন্ত সজলকান্তি দাস জানান, এ ঘটনায় আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ (The Special Powers Act, 1974) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৫০/২০২৬)।