ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ-এর জন্য ৪ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নবাবপুরের নির্বাচিত ও জননন্দিত ইউপি চেয়ারম্যান
মোহাম্মদ জহিরুল আলম।
বুধবার (২০ মে, ২০২৬ খ্রি.) কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: নূরুন্নবী আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়। চিঠি ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন— সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত); অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে জনাব শেখ বাহাদুর মহি উদ্দিন (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জনাব মোহাম্মদ রফিকুল হক (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ ও সংশোধিত প্রবিধানমালা ২০২৫ অনুযায়ী, সভাপতির মনোনয়নসহ এই কমিটি অনুমোদন করা হলো। এই কমিটিকে উল্লিখিত সময়ের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত গভর্নিং বডি গঠন করতে হবে।
এদিকে জনাব মোহাম্মদ জহিরুল আলম ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে নবাবপুর ইউনিয়ন পরিষদ ও সর্বস্তরের ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয়রা ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করে বলেন, জনাব মোহাম্মদ জহিরুল আলমের দক্ষ নেতৃত্ব, সততা ও শিক্ষাবান্ধব মনোভাবের মাধ্যমে আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত দিক থেকে আরও অনেক দূর এগিয়ে যাবে।